ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
শনিবার (১৮ এপ্রিল) রাতে সংগঠনটির দফতর সম্পাদক স্বাক্ষরিত পৃথক দুই প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙের অভিযোগে কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে জাওয়াদ রুতাপকে তার পদ থেকে এবং নাফিউল ইসলামকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
অপর বিজ্ঞপ্তিতে সংঘর্ষের ঘটনা তদন্তে এক সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়। কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানের নেতৃত্বে গঠিত এ কমিটিকে ১২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ছাত্রাবাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বিরোধের সূত্রপাত। বাইকে তেল ভরানো নিয়ে শুরু হওয়া কথা কাটাকাটি একপর্যায়ে মারধর ও সংঘর্ষে রূপ নেয়। পরে স্টিলের পাইপ দিয়ে হামলার ঘটনায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয়পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় নাফিউল ইসলাম নামে এক শিক্ষার্থীকে আটক করা হয়। আহত দুই শিক্ষার্থী—মো: মুয়াজ ও মীর হামিদুর—কে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত মুয়াজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনার জেরে শনিবার সকালে কলেজের অ্যাকাডেমিক কাউন্সিল জরুরি সভা করে আগামী সাত দিনের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে। একই সাথে শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
এদিকে কলেজ কর্তৃপক্ষও পৃথকভাবে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। অ্যানাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডা: সেহেলী জান্নাত সুলতানার নেতৃত্বে গঠিত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।



