সিলেটে পৃথক অভিযানে বিপুল ভারতীয় পেঁয়াজ উদ্ধার

আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পিকআপগুলো জব্দ ও আটককে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে পৃথক অভিযানে বিপুল ভারতীয় পেঁয়াজ উদ্ধার ও আটক এক
সিলেটে পৃথক অভিযানে বিপুল ভারতীয় পেঁয়াজ উদ্ধার ও আটক এক |ছবি : নয়া দিগন্ত

সিলেট নগরীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ জব্দ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। সোমবার বিকেলে সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন খাসদবির এবং মঙ্গলবার ভোরে কোতোয়ালী থানাধীন সোবহানীঘাট এলাকা থেকে এসব পেঁয়াজ জব্দ করা হয়। পৃথক অভিযানে দুটি পিকআপ জব্দ ও একজনকে আটক করা হয়েছে।

এসএমপি সূত্রে জানা গেছে, সোমবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে কোতোয়ালী মডেল থানার সোবহানীঘাট কাঁচাবাজার এলাকার পেঁয়াজ পট্টিতে অভিযান পরিচালনাকালে মেসার্স মুন বাণিজ্যালয় ও জয়গুরু বাণিজ্যালয় নামে দুটি দোকান থেকে ৭ হাজার ১৫৫ কেজি ভারতীয় পেঁয়াজ উদ্ধার করা হয়। অভিযানে একটি ডিআই পিকআপ ভ্যানও আটক করা হয়। উদ্ধার পেঁয়াজের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৩০ হাজার টাকা।

অপরদিকে মঙ্গলবার (১১ নভেম্বর) ভোর ৩টার দিকে নগরীর এয়ারপোর্ট থানাধীন খাসদবির পয়েন্ট থেকে একটি পিকআপ জব্দ করে ২ হাজার ২ শ’ কেজি পেঁয়াজ উদ্ধার করা হয়। এ সময় মো: সাকিল উদ্দিনকে (২২) আটক করা হয়। তিনি গোয়াইনঘাট উপজেলার লাফনাউট গ্রামের কামাল উদ্দিনের ছেলে। উদ্ধার পেঁয়াজের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২০ হাজার টাকা।

মঙ্গলবার বিকেলে দৈনিক নয়া দিগন্তকে এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পিকআপগুলো জব্দ ও আটককে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।