ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে এক নারী নিহত এবং আরো তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৯ মার্চ) ভোরে মহাসড়কের বাটাজোর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ইতি চক্রবর্তী (৩৫) বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা ও গুরুদাস চক্রবর্তীর স্ত্রী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বরিশালগামী গ্রীনভিউ পরিবহনের একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গর্তে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত চারজন যাত্রী আহত হন।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, ভোর পাঁচটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালানো হয়।
পরে আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইতি চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো: শামীম শেখ জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



