মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বিস্ফোরণে ঘরের টিনের চাল উড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের পলাশ খানের পরিত্যক্ত বাড়িতে কয়েকটি হাতবোমা রাখা ছিল। সোমবার (২৭ জুলাই) রাত ১০টার দিকে সেখানে রাখা হাতবোমা বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ঘরের টিনের চাল উড়ে যায় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানিয়েছেন, ‘পলাশ খানের বাড়িতে বোমা বিস্ফোরণের খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি, এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।’
উল্লেখ্য, গত দুই মাস আগে স্থানীয় আধিপত্য নিয়ে ঝিকরহাটি এলাকায় দুপক্ষের মাঝে সংঘর্ষ হয়। এসময় একাধিক বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এ বিষয়ে মাদারীপুর সদর থানায় মামলা চলমান।



