মতলবে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

ঢাকা থেকে ছেড়ে আসা বাবুরহাটগামী জৈনপুর পরিবহনের একটি বাস বাবুরহাট থেকে মতলবের উদ্দেশে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়।

Location :

Matlab Dakkhin
মতলব দক্ষিণে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি
মতলব দক্ষিণে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি |নয়া দিগন্ত

মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার রালদিয়া নামক এলাকায় মতলব-বাবুরহাট সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।

নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বাবুরহাটগামী জৈনপুর পরিবহনের একটি বাস বাবুরহাট থেকে মতলবের উদ্দেশে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং সিএনজির একজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। বাকিদের উদ্ধার করে চাঁদপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চাঁদপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) স্বপন মিয়া বলেন, জৈনপুর পরিবহনের বাসটি পাওয়া যায়নি। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় লোকজন জৈনপুর পরিবহনের বাস সার্ভিস বন্ধের দাবিতে সড়কে অবস্থান করছেন।