পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাক ও মুরগি বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পুঠিয়া নিমতলা বাজারের কাছে পুঠিয়া-তাহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার পূর্ব শেখপাড়া এলাকার মিলন হোসেনের ছেলে মুরগী ব্যবসায়ী নাইম (২০) এবং একই এলাকার নছিমন চালক মিনারুল হোসেনের ছেলে হামিম (২৫)।
প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানায়, দুর্ঘটনাকবলিত মুরগি বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত নছিমন পুঠিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে নছিমন দুমড়ে-মুচড়ে ভেঙ্গে যায়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ড্রাম ট্রাক চালক ও হেলপার পালানোর চেষ্টা করলে জনগণ ধরে ফেলে। পুলিশ ঘটনায়স্থলে পৌঁছে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে পুঠিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘ড্রাম ট্রাক ও মুরগি বোঝাই নছিমন মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বালুবাহী ডাম্প ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।’



