মাগুরা সদরের বজ্রুক শ্রীকুন্ঠি বালিয়াডাঙ্গা এলাকায় ডোবার পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো বালিয়াডাঙ্গা গ্রামের মো: লিটন মিয়ার মেয়ে নূসরাত (৭) ও একই এলাকার মো: জামাল উদ্দিনের ছেলে নাঈম (৬)। সম্পর্কে তারা ফুপু-ভাতিজা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে বাড়ির উঠানে খেলা করছিল দুই শিশু। সকালে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
এক পর্যায়ে বাড়ির পাশের ডোবার ধারে শিশু দু’টির স্যান্ডেল দেখতে পেয়ে স্বজনদের সন্দেহ হয়। পরে তারা ডোবায় নেমে খোঁজ করতে থাকেন। কিছুক্ষণ পর ডোবার পানির ভেতর থেকে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সদর উপজেলার বালিয়াডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা জানা গেছে।



