কিশোরগঞ্জের কটিয়াদীতে অবৈধভাবে বালু উত্তোলন এবং পেট্রোল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় বিনা অনুমতিতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৫(১) ধারা লঙ্ঘন এবং ১৫(১) ধারার বিধান অনুযায়ী উপজেলার করগাঁও ইউনিয়নের আলমগীরকে ১ লাখ টাকা এবং একই অপরাধে মো: কবির মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও উপজেলার চান্দপুর ইউনিয়নের মানিকখালী বাজারে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ব্যবসায়ী সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা সর্বমোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত এবং জব্দকৃত পেট্রাল উপস্থিত জনতার মাঝে ন্যায্য মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ বলেন, বিনা অনুমতিতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে উপজেলার করগাঁও ইউনিয়নের আলমগীরকে ১ লাখ টাকা এবং একই অপরাধে মো: কবির মিয়াকে ৫০ জাহার টাকা এবং পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ী সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা পৃথক পৃথক ভাবে জরিমানা করে তা আদায় করা হয়েছে। উপজেলা জনস্বার্থে প্রশাসনের পক্ষ থেকে এধরনের অভিযান অব্যাহত থাকবে।



