কক্সবাজারের উখিয়া উপজেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সংলগ্ন পালংখালী এলাকায় স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় মো: ইউনুছ (২৫) নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে পালংখালী সীমান্তের বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে চাকমাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ইউনুছ উখিয়ার ক্যাম্প-১৯-এর ব্লক ডি/২-এর বাসিন্দা।
স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে ইউনুছকে উদ্ধার করে। পরে তাকে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
কক্সবাজার সদর হাসপাতাল সূত্র জানিয়েছে, ইউনুছের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, পাঁচদিন আগে গত শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে একই সীমান্ত সংলগ্ন এলাকায় আরেকটি স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মো: সাদেক (২৫) নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হন। তিনি উখিয়ার বালুখালী আশ্রয় শিবিরের (ক্যাম্প-১০) এফ-১৩ ব্লকের বাসিন্দা।



