সিলেটে প্রিপেইড মিটার রিচার্জ বন্ধ, দুর্ভোগে গ্রাহকরা

তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় গরমে শিশু, বৃদ্ধ ও রোগীরা সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন। অনেকে রান্না, পানি উত্তোলনসহ নিত্যকার কাজ করতে পারছেন না।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে প্রিপেইড মিটার রিচার্জ বন্ধ
সিলেটে প্রিপেইড মিটার রিচার্জ বন্ধ |নয়া দিগন্ত

সিলেট নগরীর বিভিন্ন স্থানে প্রিপেইড মিটার রিচার্জ সিস্টেম বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন নগরীর ২০ হাজার বিদ্যুৎ গ্রাহক।

ত্রুটি সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগ। একইসাথে গ্রাহকদেরকে এসটিএস কোম্পানির পুরনো মিটারগুলো দ্রুত পরিবর্তন করে সিটিএস মিটার স্থাপনের পরামর্শ দিচ্ছেন তারা। এদিকে তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় গরমে শিশু, বৃদ্ধ ও রোগীরা সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন। অনেকে রান্না, পানি উত্তোলনসহ নিত্যকার কাজ করতে পারছেন না।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার (১৪ জুলাই) সকাল থেকেই সিলেট নগরীতে প্রথম দিকে স্থাপিত কিছু পুরনো প্রিপেইড মিটারের রিচার্জ বন্ধ রয়েছে। অনেকেই রিচার্জে ব্যর্থ হয়ে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেন। বেলা বাড়ার সাথে সাথে বিদ্যুৎ অফিসগুলোতে বাড়তে থাকে গ্রাহক উপস্থিতি। এ সময় ক্ষোভে-বিক্ষোভে ফেটে পড়েন তারা। এমন পরিস্থিতিতে অফিস থেকে তাদেরকে কোনো সমাধান না দিয়ে, শুধু মিটার পরিবর্তনের ফরম ধরিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা গেছে, সিলেট নগরীতে আগে বেসরকারী কোম্পানির এসটিএস প্রিপেইড মিটার স্থাপন করা হয়। বর্তমানে সর্বত্র পিডিবির সিটিএস মিটার স্থাপন করা হচ্ছে। এসটিএস কোম্পানির সাথে সরকারের চুক্তির মেয়াদ প্রায় শেষের পথে। তাই ওই কোম্পানির মিটারগুলোতে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে ত্রুটি সারানোর চেষ্টা চলছে। পাশাপাশি যাদের এসটিএস মিটার রয়েছে তাদেরকে যত দ্রুত সম্ভব সিটিএস মিটার প্রতিস্থাপনের জন্য বলা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট নগরীতে এসটিএস কোম্পানির প্রায় ১৫ থেকে ২০ হাজার প্রিপেইড মিটার রয়েছে। এসব মিটারে নির্দিষ্ট ইউনিট ব্যবহারের সীমারেখা দেয়া আছে। ইতোমধ্যে যেসব গ্রাহক সেই ইউনিট ব্যবহার করে ফেলছেন তাদের মিটারগুলোতে বেশি সমস্যা হচ্ছে। সরকারের নির্দেশ মোতাবেক সিলেটের সকল গ্রাহককে সিটিএস মিটারের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। সকল গ্রাহককে বিনামূল্যে এ মিটার প্রদান করা হবে।

এ ব্যাপারে সিলেট বিভাগীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার জারজিসুর রনি দৈনিক নয়া দিগন্তকে বলেন, ‘সিলেট নগরীতে এসটিএস প্রিপেইড মিটার ব্যবহারকারীদের মিটার রিচার্জে সমস্যা হচ্ছে। আমরা খোঁজ নিয়ে দেখেছি কারিগরি ত্রুটিজনিত কারণেই এ সমস্যা হচ্ছে। ত্রুটি সমাধানের চেষ্টা চলছে। পাশাপাশি এসটিএস মিটারের গ্রাহকদেরকে দ্রুত পরিবর্তন করে সিটিএস প্রিপেইড মিটার প্রতিস্থাপনের পরামর্শ দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে সিলেটে থাকা ১৫ থেকে ২০ হাজার এসটিএস মিটারের গ্রাহককে সিটিএস মিটারের আওতায় নিয়ে আসা হবে।’