দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কর্মবিরতি, অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার (২ জানুয়ারি) সকাল ৯টা থেকে প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় বক্তব্য রাখেন সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট সভাপতি মো: আবুবকর সিদ্দিক, ডেপুটি রেজিস্ট্রার ড. মো: শফিকুল ইসলামসহ কর্মকর্তা ও কর্মচারী প্রতিনিধিরা।
বক্তারা বলেন, গত ১১ বছর ধরে সরকারি চাকরিজীবীরা ন্যায্য পে-স্কেল থেকে বঞ্চিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তারা চরম আর্থিক সঙ্কটে রয়েছেন। নবম পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের হাতে থাকা এবং বাজেটে অর্থের সংস্থান থাকা সত্ত্বেও গেজেট প্রকাশে গড়িমসি করা হচ্ছে।
তারা জানান, আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর করার শর্তে নবম পে-স্কেলের গেজেট অবিলম্বে প্রকাশ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।
পরে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



