রাজনগর উপজেলা বিএনপির নতুন সভাপতি নুরুল, সম্পাদক আব্বাস

কেন্দ্রের নির্দেশে জেলা বিএনপি শনিবার (২৮ জুন) রাজনগর সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলের তারিখ নির্ধারণ করে।

Location :

Rajnagar
নুরুল ইসলাম সেলুন (বাঁয়ে) ও আব্বাস আলী
নুরুল ইসলাম সেলুন (বাঁয়ে) ও আব্বাস আলী |নয়া দিগন্ত

রাজনগর (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত সম্মেলন ও কাউন্সিলে সভাপতি হিসেবে নুরুল ইসলাম সেলুন এবং সাধারণ সম্পাদক হিসেবে আব্বাস আলী নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ জুন) রাজনগর সরকারি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা ও উপজেলা বিএনপির দলীয় সূত্রে জানা যায়, বিগত ২০০৮ সালের ২৫ নভেম্বর সর্বশেষ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী সময়ে পতিত সরকারের নানামুখী দমন-পীড়ন, তৎকালীন সাধারণ সম্পাদক সরওয়ার খানের অকাল মৃত্যু এবং দলীয় কার্যক্রমে স্থবিরতার কারণে নিয়মিত সম্মেলন করা সম্ভব হয়নি। এছাড়া মাঝে কয়েকবার সম্মেলনের উদ্যোগ নিলেও পতিত সরকারের দমন-পীড়নে সম্মেলন করা সম্ভব হয়নি।

পরবর্তী সময়ে গত বছরের ৫ আগস্টের পর উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীরা পুনরায় রাজনৈতিক ময়দানে চাঙ্গা হতে থাকেন। দলীয় কার্যক্রম গতিশীল করতে বিগত ২৯ জানুয়ারি উপজেলা বিএনপির পূর্ববর্তী কমিটি ভেঙ্গে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। জেলা কমিটির নির্দেশে এই আহ্বায়ক কমিটি গত ফেব্রুয়ারি মাসের মধ্যে রাজনগরের আট ইউনিয়নে সম্মেলন সম্পন্ন করে। কেন্দ্রের নির্দেশে জেলা বিএনপি শনিবার (২৮ জুন) রাজনগর সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলের তারিখ নির্ধারণ করে।

এ সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন। উপজেলা বিএনপির আহ্বায়ক জামি আহমদের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন সঞ্চালনায় এ সম্মেলন ও কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ুন, মৌলভীবাজার জেলা বিএনপির প্রধান সমন্বয়ক মো: আব্দুল মুকিত, রাজনগর উপজেলা বিএনপির কাউন্সিল পরিচালনা পর্ষদের প্রধান বকশী মিছবাহ উর রহমান, সদস্য মুজিবুর রহমান মজনু, মনোযার আহমেদ রহমান প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে ৫৬৮ জন কাউন্সিলর নিয়ে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এ অধিবেশনে আগামী দু’ বছরের জন্য নুরুল ইসলাম সেলুন সভাপতি, কবির মিয়া সিনিয়র সহ-সভাপতি, আব্বাস আলী সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম যুগ্ম সাধারণ সম্পাদক এবং রুপক দেব সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেয়া হয়।