হর্ণ বাজানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

মোটরসাইকেলে হর্ন বাজানো নিয়ে পাখিমারা গ্রামের লাল্টুর সাথে হরিশপুর গ্রামে শুভ হোসেনের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষ বেধে যায়।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Jhenaidah
নিহত দেলোয়ার হোসেন
নিহত দেলোয়ার হোসেন |সংগৃহীত

‎ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটরসাইকেলের হর্ণ বাজানো নিয়ে বাকবিতণ্ডার জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে দেলোয়ার হোসেন (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন।

শুক্রবার (২৯ মে) ভোরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।

নিহত দেলোয়ার হরিণাকুন্ডুর হরিশপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন।

‎পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ঈদের দিন বিকেলে হরিনাকুন্ডু উপজেলার বরইতলার মাঠের মধ্যে মোটরসাইকেলে হর্ন বাজানো নিয়ে পাখিমারা গ্রামের লাল্টুর সাথে হরিশপুর গ্রামে শুভ হোসেনের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষ বেধে যায়। এতে হরিশপুর গ্রামের দেলোয়ার হোসেন, আবু তালেব, পাখিমারা গ্রামের মশা ফকির, মাহবুব, বাদশাসহ কয়েকজন আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক দেলোয়ারকে কুষ্টিয়া ও আবু তালেবকে ঢাকায় রেফার্ড করে। এর মধ্যে কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থা দেলোয়ারের মৃত্যু হয়।

‎হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- ভারপ্রাপ্ত) অসিত কুমার বলেন, ‘মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে দেলোয়ার হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি।’