বরিশালে গৌরনদীতে ঈদে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে তিন বছর বয়সী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রমজান বরিশালের গৌরনদীর ভুরঘাটা এলাকার কাওসার হাওলাদারের ছেলে এবং মোহাম্মদ একই উপজেলার গোয়াইল গ্রামের বাহাদুর মৃধার ছেলে। নিহতরা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই।
স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, গৌরনদীর পূর্ব ডুমুরিয়ার এলাকার নানা দুখাই হাওলাদারের বাড়িতে পরিবারের সাথে বেড়াতে আসে রমজান ও মোহাম্মদ। মঙ্গলবার সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা। পরিবারের লোকজন ভাসমান অবস্থায় দু’জনকে উদ্ধার করে পাশের মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: কাবিরা বানী জানান, হাসপাতালে আনার অনেক আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।



