কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, গৃহবধূ নিহত

সকালে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা কোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আবু বকর ছিদ্দিক, কেন্দুয়া (নেত্রকোনা)

Location :

Netrokona
নেত্রকোনার ম্যাপ
নেত্রকোনার ম্যাপ |নয়া দিগন্ত

নেত্রকোণার কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে সুমা আক্তার (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় দু’পক্ষের অন্তত আরো ১০ জন আহত হয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা কোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আসমা (৪৫), সোহেল (৩৬), হারুনা (৬০), শিকা (১৮), শারমিন (২৫), নুরুল ইসলাম (৬০), শাহিন মিয়া (৩২)। তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিনজনের পরিচয় জানা যায়নি।

জানা যায়, কেন্দুয়া উপজেলার আমতলা কোনাপাড়া গ্রামে নুরুল ইসলাম ও তার মরহুম ফুফাতো ভাই শামছুদিনের ছেলে শাহিন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বুধবার সকালে শাহিন জমিতে গেলে প্রতিপক্ষরা তাকে বাধা দেয়। এতে দু’পক্ষের সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে নারী-পুরুষরা জড়িয়ে পড়েন।

এ সংঘর্ষে সাদ্দাম হোসেনের স্ত্রী সুমা আক্তার নিহত হন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এখনো মামলা হয়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’