সিলেট ব্যুরো ও বিয়ানীবাজার সংবাদদাতা
সিলেট বিভিন্ন সীমান্ত দিয়ে এবার একরাতে ১৫৩ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (২৪ মে) দিবাগত রাত থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত তাদেরকে পুশ ইন করা হয়।
এ সময় সীমান্ত পার হওয়ার সাথে সাথে তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ নিয়ে গত একমাসে শুধু সিলেটের বিভিন্ন সীমান্তে তিন শতাধিক মানুষকে পুশ ইন করেছে বিএসএফ।
বিজিবি সূত্রে জানা গেছে, সর্বশেষ বড় আকারের এই পুশ ইনে সিলেটের তিনটি সীমান্ত ব্যবহার করে বিএসএফ। গতরাতে পুশ ইন করা ১৫৩ জনের মধ্যে থেকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর সীমান্ত দিয়ে ৭৯ জন, পাল্লাথল সীমান্ত দিয়ে ৪২ জন ও বিয়ানীবাজার উপজেলার নয়গ্রাম সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশ ইন করা হয়।
বিয়ানীবাজার ব্যাটালিয়ান-৫২ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মেহেদী হাসান জানান, রাত আনুমানিক আড়াইটা থেকে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারি চলাকালে দেখতে পান, ঘন জঙ্গল ও বিলপথ ব্যবহার করে ভারতীয় সীমান্ত থেকে উল্লেখিত ব্যক্তিদের বাংলাদেশে পাঠানো হচ্ছে। আটক ব্যক্তিদের প্রাথমিকভাবে হেফাজতে রাখা হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।’
উল্লেখ্য, চলতি মে মাসে এই নিয়ে সিলেট অঞ্চলের সীমান্ত দিয়ে বিএসএফের পুশ ইন হওয়া ব্যক্তির সংখ্যা ৩০০ জনের বেশি হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো দেশ তার নাগরিক বা বিদেশী নাগরিকদের অন্য দেশের ভূখণ্ডে বলপূর্বক ঠেলে দেয়া (পুশ ইন) করতে পারে না। এই ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার আইন ও দ্বিপাক্ষিক সম্পর্কের পরিপন্থী। সিলেট সীমান্তে বিএসএফ ধারাবাহিকভাবে পুশ ইনের ঘটনায় সীমান্ত এলাকায় উদ্বেগ বাড়ছে।



