সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগ গ্রেফতার সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

মঙ্গলবার (৫ মে) জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Siddirgonj
গ্রেফতার বিএনপি নেতা মো: সালাউদ্দিন
গ্রেফতার বিএনপি নেতা মো: সালাউদ্দিন |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার বিএনপি নেতা মো: সালাউদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, চাঁদাবাজি, দাঙ্গা-হাঙ্গামা ও জনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিনকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নারায়ণগঞ্জ জেলা শাখা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে মো: সালাউদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজি, দাঙ্গা-হাঙ্গামা এবং বিভিন্ন জনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা, নীতি-আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমের পরিপন্থী হওয়ায় কেন্দ্রীয় নির্দেশনার আলোকে তাকে দলীয় সকল পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এক ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মারধরের ঘটনায় গত ২৬ এপ্রিল ২০২৬ সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা নং-৪৮(৪)/২০২৬ দায়ের করা হয়। মামলার পরপরই পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। পরে জিজ্ঞাসাবাদের স্বার্থে আদালতে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সংবাদ স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ায় স্থানীয়ভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখতে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।