কুমিল্লার মুরাদনগরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত চার শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৯ মে) উপজেলার সদর ইউনিয়নের ঘোড়াশাল গ্রামে এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে ‘ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থা’।
সকাল থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলা ওই মেডিক্যাল ক্যাম্পে চার শতাধিক নারী, শিশু ও বয়স্ক রোগীদের চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করেন দেশের বিভিন্ন খ্যাতনামা হাসপাতালে কর্মরত ঘোড়াশাল গ্রামের ছয় তরুণ বিশেষজ্ঞ চিকিৎসক।
চিকিৎসকরা হলেন- সেন্ট্রাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কনসালটেন্ট ডা: মো: আল আমিন, জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের বক্ষব্যাধি ও শ্বাসকষ্ট বিশেষজ্ঞ ডা: আফসানা মীম, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা: মোহাম্মদ রুহুল আমিন, বারডেম জেনারেল হাসপাতালের ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা: নাজিয়া আফরিন চাঁদনী, আর্মি মেডিক্যাল কলেজ যশোরের মেডিসিন, মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা: জাকিয়া সুলতানা ও মেডিসিন ও শিশু রোগ চিকিৎসক ডা: কামরান উদ্দিন আহমেদ।
বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে আনন্দ প্রকাশ করেছেন রোগীরা। তারা জানান, চিকিৎসা করতে শহর যেতে হয়, খরচও অনেক। ডাক্তার দেখানোর টাকা হলে ওষুধ কেনার টাকা হয় না। আজকে বাড়ির পাশে ডাক্তারদের পেয়ে আমরা খুশি। দোয়া করি যেন তারা এভাবেই আমাদের মতো গরীব মানুষদের পাশে থাকেন।
ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি এলাকার অসহায় মানুষের কল্যাণে যে ভূমিকা রাখছেন তা সত্যিই প্রশংসনীয়। প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় এমন উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেয়া একটি অনন্য মানবিক উদ্যোগ।
এ সময় ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে আগামীতেও এলাকার উন্নয়নে এবং মানবতার সেবায় এ ধরনের ফ্রি মেডিক্যাল ক্যাম্পসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি হোসেন উদ্দিন মোল্লার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ডক্টর ফোরকান উদ্দিন আহমেদ, সংগঠনের সহ-সভাপতি আনিসুর রহমান ভূঁইয়া, সদস্য মহিবুর রহমান রুবেল, ঘোড়াশাল ফাজিল মাদরাসার সিনিয়র শিক্ষক মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান, ঘোড়াশাল রকিব উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমির হোসেন, সাবেক প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমদ, শাহনেওয়াজ সরকার, রেহান উদ্দিন, আলী ইমাম শরীফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



