সিলেটে জ্বালানি তেলের ডিপোতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

মোতায়েনকৃত সদস্যরা ডিপোর অভ্যন্তরীণ ও পার্শ্ববর্তী এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করছে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
জ্বালানি তেল পাহারায় বিজিবি
জ্বালানি তেল পাহারায় বিজিবি |নয়া দিগন্ত

সিলেটে জ্বালানি তেলের ডিপোতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেলের নিরাপত্তা নিশ্চিতে সিলেটের জ্বালানি তেলের ডিপোসমূহে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি। এরই অংশ হিসেবে বুধবার (২৫ মার্চ) থেকে নগরীর যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) এক প্লাটুন ও পদ্মা অয়েল পিএলসির ডিপোতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) এক প্লাটুনসহ দু’টি ডিপোতে মোট দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি জানায়, মোতায়েনকৃত সদস্যরা ডিপোর অভ্যন্তরীণ ও পার্শ্ববর্তী এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করছে। বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে ডিপো থেকে চাহিদার অতিরিক্ত তেল সরবরাহ করা হচ্ছে কি-না তাও নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে। পাশাপাশি অবৈধ মজুদ সৃষ্টির মাধ্যমে কৃত্রিম সঙ্কট তৈরি প্রতিরোধ ও সীমান্ত পথে তেল পাচার রোধে বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকাসহ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

৪৮ বিজিবির অধিনায়ক দৈনিক নয়া দিগন্তকে জানান, পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে। প্রয়োজনীয় সংখ্যক জনবল মোতায়েনের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। বিজিবি কর্তৃক জাতীয় সম্পদের সুরক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বদা পেশাদারিত্ব, সতর্কতা ও দায়বদ্ধতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।