মাদারীপুরের শিবচর উপজেলার এনসিপির দলীয় অবস্থা গতিশীল ও চাঙ্গা হয়েছে তুমুল জনপ্রিয় ছাত্রনেতা ফেরদৌস খান দুর্জয়ের নেতৃত্বে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে শিবচর পৌর শহরের ৭১ চত্বর থেকে গণর্যালিটি শুরু হয়ে বুদ্ধিজীবী চত্বর ঘুরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ৭১ চত্বরে এসে শেষ হয়।
শিবচর উপজেলায় ২৪-এর ৫ আগস্টের পরে এই প্রথম এত জনসমুদ্র নিয়ে একটি র্যালি অনুষ্ঠিত হলো এবং এর মাধ্যমে ফেরদৌস খান দুর্জয় শিবচর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করলেন জনসাধারণের কাছে।
হাজী শরীয়তুল্লাহর (রহ.) বংশধর ও এনসিপির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ মোহাম্মদ হুসাইন বলেন, ‘আমরা চাই সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। একজনের সাথে মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশ গড়ার জন্য আমাদের ভেতর কোনো মতের পার্থক্য থাকতে পারে না। কারণ দেশটা আপনার, আমার, সবার। আসুন আমরা সকলে মিলেমিশে দেশটাকে সাজাই।’
‘২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের রক্তে লেখা বিজয়কে সম্মান জানিয়ে আমরা এই দেশটাকে মাদকমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও সন্ত্রাসমুক্ত করি। আপনাদের সকলের সমর্থনে পারি আমরা এই তরুণ মেয়র প্রার্থী ফেরদৌস খান দুর্জয়কে বিজয়ী করতে। আপনাদের কাছে অনুরোধ, এই প্রার্থীকে আমরা বিজয়ী করব, ইনশাআল্লাহ।’
বক্তব্যে মেয়র প্রার্থী ফেরদৌস খান দুর্জয় বলেন, ‘হুট করে নেতা হওয়া যায় না। নেতা হতে হলে লাগে ভালোবাসা, বিনয় ও ত্যাগ। অল্প কিছুদিনের মধ্যে আপনাদের সাথে আমার ভালোবাসাটা গভীর হয়েছে। আমার কাছে ক্ষমতা কোনো চেয়ার না, আমার কাছে ক্ষমতা হলো আপনারা; আমার কাছে ক্ষমতা হলো দায়িত্ব।’
তিনি আরো বলেন, ‘আমার সাথে কথা বলতে বা দেখা করতে আপনাদের কোনো মাধ্যম লাগবে না। যখন আপনাদের আমাকে কোনো প্রয়োজন হবে, সরাসরি আমার কাছে চলে আসবেন, আপনাদের সেবায় সবসময় আমাকে পাশে পাবেন। আমি কোনো নেতা নই, আমি আপনাদের ভালোবাসার মানুষ হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের সহযোগিতা ও সমর্থন পেলে আমরা এই শিবচরকে সুন্দর করে সাজাব। আমার একটাই প্রত্যাশা আপনাদের কাছে, আপনারা শুধু আমার পাশে থাকবেন, কারণ আপনারাই আমার শক্তি।’
গণর্যালিতে শিবচর উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এনসিপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।



