চরফ্যসনে ১৭৫ বস্তা সারসহ যুবক আটক

পাচারকালে ১৭৫ বস্তা সারসহ একজনকে আটক করেছে কোস্ট গার্ড। আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

মোহাম্মদ কামরুজ্জামান, চরফ্যাশন (ভোলা)

Location :

Char Fasson
কচ্ছপিয়া ঘাট এলাকা
কচ্ছপিয়া ঘাট এলাকা |নয়া দিগন্ত

‎ভোলার চরফ্যাশন সদর থেকে কাঁকড়া টলিতে করে চরকচ্ছপিয়া ঘাটে আনার পর নৌকাযোগে চর কুকরী-মুকরীর উদ্দেশে নেয়ার পথে ১৭৫ বস্তা সারসহ দুলাল (২৩) নামে এক যুবককে আটক করেছে চরমানিকা জোনের কোস্ট গার্ড।

‎রোববার (২৩ আগস্ট) গভীর রাতে কচ্ছপিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে সারসহ দুলালকে আটক করা হয়।

আটক দুলাল চর কুকরী-মুকরী ইউনিয়নের বাবুগঞ্জ গ্রামের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হোসেন খাঁর ছেলে।

জানা গেছে, চরফ্যাশন থেকে কাঁকড়া টলিতে করে ১৭৫ বস্তা সার কচ্ছপিয়া ঘাটে আনা হয়। পরে সেগুলো একটি নৌকায় তোলা হয়। নৌকাটি চর কুকরী-মুকরীর উদ্দেশে রওনা দেয়ার পর কচ্ছপিয়া ঘাট এলাকায় কোস্ট গার্ড সদস্যরা নৌকাটি আটক করে তল্লাশি চালান। এ সময় নৌকায় থাকা ১৭৫ বস্তা সার জব্দ করা হয় ও দুলালকে আটক করা হয়।

‎আটকের সময় সারের কোনো চালান বা বৈধ কাগজপত্র পাওয়া যায়নি বলে জানা গেছে। তবে এসব সার কোথা থেকে সংগ্রহ করা হয়েছে ও কি উদ্দেশে চর কুকরী-মুকরীতে নেয়া হচ্ছিল, তা স্পষ্ট নয়।

‎‎দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আহসান কবির জানান এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

‎কোস্ট গার্ড দক্ষিণ জোনের কমান্ডার ক্যাপ্টেন মো: শাহিন মাজিদ জানান, আমাদের আওতাধীন চর মানিকা জোনের সদস্যরা বৈধ কাগজপত্র না থাকায় ১৭৫ বস্তা সার আটক করে। আটক সার, ট্রলার তাদের হেফাজতে রেখে চালক দুলালকে দক্ষিণ আইচা থানায় হস্তান্তর করা হয়েছে।

মিয়ানমারে পাচরের উদ্দেশে ট্রলারে সার লোড করা হয়েছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি পুলিশ ও কোস্ট গার্ড তদন্ত করছে।’