ডেঙ্গু নিয়ন্ত্রণে কেসিসির ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনে প্রশাসক

নজরুল ইসলাম মঞ্জু বলেন, পরিবার ও সন্তানদের নিরাপদ রাখতে কেসিসির কর্মসূচির পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ বাড়ি ও স্থাপনার সীমানায় মশার বংশবিস্তার রোধে সতর্ক থাকতে হবে। যেসব স্থানে পানি জমে থাকে, সেসব স্থান নিজ দায়িত্বে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান।

খুলনা ব্যুরো

খুলনা মহানগরীতে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে মশক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ক্রাশ প্রোগ্রাম চললেও সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নগরীকে সংক্রমণের মাত্রা অনুযায়ী রেড, ইয়েলো ও অরেঞ্জ জোনে ভাগ করে কার্যক্রম জোরদার করা হয়েছে।

কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল শুক্রবার সকালে নগরীর ১ ও ১২ নম্বর ওয়ার্ডে চলমান ক্রাশ প্রোগ্রাম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেসিসির পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও সংক্রমণের হার বাড়ছে। এ কারণে সংক্রমণের মাত্রা বিবেচনায় নিয়ে নগরীকে রেড, ইয়েলো ও অরেঞ্জ জোনে ভাগ করে কার্যক্রম আরো জোরদার করা হয়েছে। পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি ঘনবসতিপূর্ণ এলাকায় মেডিক্যাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।