মেয়ের প্রেমের সম্পর্কে বাধা দেয়ার পরও তা উপেক্ষা করে সম্পর্কে জড়ানোর জেরে মেয়েকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বাবা। শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের সময় মেয়েটির নানাবাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ মেয়েটির লাশ উদ্ধার করে বিয়ানীবাজার থানায় নিয়ে যায়। এ সময় অভিযুক্ত বাবা পালিয়ে যান।
নিহত কিশোরী মেয়ের নাম রায়কা আক্তার রিয়া (১৭)। সে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের উত্তর রায়গড় গ্রামের আবু বক্করের মেয়ে এবং বিয়ানীবাজার উপজেলার তিলপারা ইউনিয়নের ইনাম গ্রামের মশাহিদ আলীর নাতনি।
জানা যায়, শুক্রবার জুমার নামাজের সময় পুকুরে গোসলরত অবস্থায় মেয়ে রিয়াকে দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেন তার বাবা। তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ নিয়ে কেউ মুখ না খুললেও পরে জানা যায়, দীর্ঘদিন থেকে মেয়ের প্রেমের ব্যাপারে বাবা বিভিন্নভাবে বাধা দিচ্ছিলেন। বাবার বাধা উপেক্ষা করে মেয়ে সম্পর্কে জড়ানোর জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
নিহত রিয়ার নানা মশাহিদ আলী জানান, নিহত কিশোরী রিয়া তার বড় মেয়ের সন্তান। বাবার সাথে পারিবারিক সমস্যার কারণে বাবা তাকে হত্যা করেছে।
বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) ছবেদ আলী খুনের ঘটনা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



