পাকুন্দিয়ায় কুকুরকে ভ্যাকসিনের আওতায় আনার উদ্যোগ

পাকুন্দিয়া পৌরসভা ও উপজেলা প্রাণিসম্পদ দফতরের সহযোগিতায় আজ শনিবার থেকেই এ ভ্যাকসিন কার্যক্রম শুরু করবে বলে জানানো হয়।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
রাস্তায় কুকুরের দল
রাস্তায় কুকুরের দল |ফাইল ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সকল কুকুর, বিড়াল এবং জলাতঙ্ক রোগ ছড়ায় এমন প্রাণীদেরকে ভ্যাকসিনের আওতায় আনার উদ্যোগ গ্রহন করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের ফেজবুক একাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। পাকুন্দিয়া পৌরসভা ও উপজেলা প্রাণিসম্পদ দফতরের সহযোগিতায় শনিবার থেকেই এ ভ্যাকসিন কার্যক্রম শুরু করবে বলে জানানো হয়।

এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আলী আকবর জানান, সাম্প্রতিক উপজেলায় পাগলা কুকুরের কামড়ে অর্ধশত মানুষ আক্রান্ত হয়েছে, সেই সাথে কিছু পোষা কুকুর বিড়ালও আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাণি সম্পদ অফিস প্রাথমিকভাবে পোষা কুকুর, বিড়াল বা জলাতঙ্ক রোগ ছড়ায় এ ধরনের প্রাণিকে ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। পর্যাক্রমে উপজেলার সকল বেওয়ারিশ প্রাণিদেরকেও ভ্যাকসিনের আওতায় আনা হবে।

এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস বলেন, ‘পাকুন্দিয়া উপজেলার সকল কুকুরকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাকুন্দিয়া পৌরসভা ও উপজেলা প্রাণিসম্পদ দফতর এ বিষয়ে সহযোগিতা করবে। যেহেতু সরকারের এ ধরনের কোনো প্রকল্প চলমান নেই সেহেতু পুরো খরচ উপজেলা প্রশাসন বহন করবে। আর একজনও যেন পাগল কুকুরের কামড়ের শিকার না হয় এটাই আমাদের কাম্য। সকলকে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ২ এপ্রিল বিকেল থেকে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে পাগলা কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধশত রোগী লাইন ধরে চিকিৎসা নিতে আসেন। তাদের সেবা দিতে কর্তব্যরত চিকিৎসকরা হিমসিম খেয়ে পড়েন। ডাক্তারদের পাশাপাশি উপজেলা প্রশাসন ও পাকুন্দিয়া থানা পুলিশ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সাহায্য করেন। রাতে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের দেখতে আসেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।