পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় তাজুল ইসলাম (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রিয়াদ (১৭), সজীব খান (১৭) ও হৃদয় মোল্লা (১৮) নামে তিন কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
শনিবার (৩০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কিশোর তাজুল ওই গ্রামের ফারুক হাওলাদারের ছেলে। সে এলাকার পাটুয়া আলামিন মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই এলাকার কামাল মৃধার বাড়িতে তার মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠান থেকে তাজুলকে বাড়ির পেছনের বিলে ডেকে নিয়ে তলপেটে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ সময় তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলার আমতলী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে ওই তিন কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
এলাকাবাসী জানান, ঘটনার পর থেকে তারা কিশোর গ্যাং আতঙ্কে রয়েছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে। তিন কিশোরকে আটক করা হয়েছে এবং প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।



