মতলবে গরুর খামার থেকে শ্রমিকের লাশ উদ্ধার

চাঁদপুরের মতলব দক্ষিণে গরুর খামার থেকে মনজিল শেখ (৫৫) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

Location :

Chandpur
লাশ উদ্ধার
লাশ উদ্ধার |প্রতীকী ছবি

মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গরুর খামার থেকে মনজিল শেখ (৫৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নারায়ণপুর প্রধানীয়া বাড়ির সেলিম প্রধানের গরুর খামার থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মনজিল শেখ উপজেলার নারায়ণপুর পৌরসভার উত্তর বাড়ৈগাঁও এলাকার মরহুম কালু শেখের ছেলে। তিনি চার বছর ধরে ওই খামারে গরু দেখাশোনা করতেন।

জানা গেছে, ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ওই খামারের আরেক শ্রমিক সাগর হোসেন (৩০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আব্দুল জব্বারের ছেলে।

খামার মালিক সেলিম প্রধানীয়ার ছোট ভাই মো: ইয়াকুব প্রধান বলেন, ‘প্রতিদিনের ন্যায় সকালে আমি গরুর খামারের খোঁজ-খবর নিতে আসলে দেখি, খামারে শ্রমিকদের কোনো সাড়া শব্দ নেই। ডাকাডাকি করে দেখতে পাই মনজিল চৌকির ওপর পড়ে রয়েছেন। পরে আমি ডাক চিৎকার দিলে বাড়ির ও আশপাশের লোকজন ছুটে আসে।’

খবর পেয়ে এএসপি মতলব সার্কেল জাবির হুসনাইন সানীব ও মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি হাফিজুর রহমান মানিক বলেন, ‘এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।’