নড়াইল প্রতিনিধি ও লোহাগড়া সংবাদদাতা
নড়াইলের লোহাগড়ায় চোরের উৎপাত বেড়ে যাওয়ায় মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রামবাসী।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে শালনগর ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দারা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করেন।
মানববন্ধনে কাশিপুর গ্রামের সাদ্দাম হোসেন, কাজী তরিকুল ইসলাম, আব্দুল কাদের, আসমাউল হুসাইন, আয়ূব মোল্যা, নয়ন হোসেন, জাকারিয়া, তরিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, গত ২৩ এপ্রিল শালনগর ইউনিয়নের কাশিপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে আইপিএস ও ব্যাটারি চুরি হয়েছে। এছাড়া একাধিক বসতবাড়ি থেকে গরু, ছাগল, স্বর্ণালংকার, পানির পাম্প, বৈদ্যুতিক তার, সাইকেল, মোবাইল ফোন ও ব্যাটারিসহ মূল্যবান জিনিসপত্র দেদারসে চুরি হচ্ছে।
গ্রামবাসীর অভিযোগ, গত ছয় মাসে অন্তত ২০টি বাড়িতে চুরি হয়েছে। চুরির প্রতিকার চেয়ে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের কাছে বার বার ধরনা দিয়েছেন তারা। তবু চুরি বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি। নিরুপায় হয়ে চোরের বিরুদ্ধে মানববন্ধন করতে বাধ্য হয়েছেন গ্রামবাসী।
মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, এলাকায় মাদকের উপদ্রব বেড়ে যাওয়ায় মাদকের টাকা সংগ্রহ করতে চুরির ঘটনা বেড়ে গেছে বলে আমাদের ধারণা।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, মসজিদে চুরির ঘটনায় সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



