মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর ইমারজেন্সি বিভাগে এখন থেকে দিন-রাত ২৪ ঘণ্টা এবং সপ্তাহে সাত দিন ইসিজি পরীক্ষা করার সুবিধা চালু করা হয়েছে।
হৃদরোগ সংক্রান্ত জরুরি পরিস্থিতিতে দ্রুত রোগ নির্ণয়ের জন্য ইসিজি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেবার মাধ্যমে রোগীরা মাত্র ৮০ টাকা খরচে ইসিজি পরীক্ষা করাতে পারবেন, যা সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও সহনীয়।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হৃদরোগের কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে এসে ইসিজি পরীক্ষা করানোর জন্য এলাকাবাসীকে আহ্বান জানানো হচ্ছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মাদারগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা আরো সহজ ও দ্রুত করতে হাসপাতালের জরুরি বিভাগে সার্বক্ষণিক ইসিজি সেবার ব্যবস্থা রাখা হয়েছে।’
তিনি প্রয়োজনে সকলকে এই সেবা গ্রহণ করার অনুরোধ জানান।



