জ্বালানি তেলের অবৈধ পাচার রোধে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির টহল

বৈশ্বিক পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র কৃত্রিম সঙ্কট সৃষ্টি ও অধিক মুনাফার আশায় জ্বালানি তেল মজুত রাখা কিংবা সীমান্ত পথে ভারতে পাচারের চেষ্টা চালাতে পারে এমন আশঙ্কা থেকে সীমান্ত অঞ্চলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

আ ফ ম নুরুল কাদের, কুষ্টিয়া

Location :

Kushtia
বিজিবির টহল
বিজিবির টহল |নয়া দিগন্ত

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের আশঙ্কার প্রেক্ষাপটে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় জ্বালানি তেলের অবৈধ পাচার রোধে কঠোর অবস্থানে গেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৮ মার্চ) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, বৈশ্বিক পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র কৃত্রিম সঙ্কট সৃষ্টি ও অধিক মুনাফার আশায় জ্বালানি তেল মজুত রাখা কিংবা সীমান্ত পথে ভারতে পাচারের চেষ্টা চালাতে পারে এমন আশঙ্কা থেকে সীমান্ত অঞ্চলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

বিজিবি সদর দফতরের নির্দেশনায় দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্ত জুড়ে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহন ও চলাচলের ওপর তল্লাশি চালানো হচ্ছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ‘দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক রয়েছে; সীমান্ত এলাকায় বাড়তি টহল, গোয়েন্দা তৎপরতা এবং কঠোর নজরদারি অব্যাহত থাকবে।’

তিনি আরো জানান, সীমান্ত পথে জ্বালানি তেল পাচারের যে কোনো অপচেষ্টা আইনগত কঠোরভাবে দমন করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।