মুন্সীগঞ্জে প্রশিক্ষণার্থী ক্রিকেটারকে কুপিয়ে জখম, আতঙ্কে পরিবার

একই অ্যাকাডেমির মেসেঞ্জার গ্রুপে কথা কাটাকাটিকে কেন্দ্র করে কয়েকজন কিশোরের সাথে তার বিরোধের সৃষ্টি হয়।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
হামলায় আহত সামসুজ্জামান অভি
হামলায় আহত সামসুজ্জামান অভি |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ সদর এলাকায় মেসেঞ্জার গ্রুপে কথা কাটাকাটিকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সামসুজ্জামান অভি (১৮) নামে এক ক্রিকেট প্রশিক্ষণার্থী গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় তার এক ভাতিজাকেও মারধর করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫টার দিকে শহরের শিল্পকলা অ্যাকাডেমির সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার দুপুরে ভুক্তভোগীর বাবা সদর থানায় ছয়জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেছেন।

আহত অভি জেলা শহরের কাজী কমরউদ্দিন ইনস্টিটিউশনের ১০ম শ্রেণীর শিক্ষার্থী।

অভিযোগ সূত্রে জানা গেছে, মুসীগঞ্জ জেলা শহরের উপকণ্ঠের পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ গ্রামের বাসিন্দা মোহাম্মদ শহিদ উল্লাহর ছেলে অভি স্থানীয় একটি ক্রিকেট অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেয়। একই অ্যাকাডেমির মেসেঞ্জার গ্রুপে কথা কাটাকাটিকে কেন্দ্র করে কয়েকজন কিশোরের সাথে তার বিরোধের সৃষ্টি হয়।

শুক্রবার বিকেলে অভি তার ভাতিজা রামিমকে নিয়ে সদর কোর্টের মাঠে ক্রিকেট খেলতে গেলে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়। পরিস্থিতি বুঝতে পেরে অভি স্থান ত্যাগ করার চেষ্টা করলে হামলাকারীরা তাকে ধাওয়া করে।

পরে কাচারিঘাট এলাকায় শিল্পকলা অ্যাকাডেমির সামনে পৌঁছালে হামলাকারীরা অভি ও রামিমের পথরোধ করে। গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে হামলাকারীদের একজন অভির মাথায় ধারলো অস্ত্র দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।

এদিকে, রামিমকে টেনে হিঁচড়ে পাশের একটি গ্যারেজে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগে উঠেছে। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের সহায়তায় আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। চিকিৎসক অভির মাথায় সেলাই করেন এবং রামিমকে প্রাথমিক চিকিৎসা দেন।

হামলার একটি ভিডিও তাদের কাছে সংরক্ষিত রয়েছে জানিয়ে আহতের বাবা শহিদ উল্লাহ্ আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারে।’ এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেন তিনি।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমরা অবগত রয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’