মাগুরার শ্রীপুরের দারিয়াপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দিলীপ কুমার মজুমদারের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন।
রোববার (৮ মার্চ) বিকেলে উপজেলার গোয়ালদাহ বাজারে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ ও মানববন্ধনে এলাকার শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল আলম প্রদীপ ও দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মওলা ঘটনার সত্যতার সুপারিশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন।
এ সময় বিক্ষোভকারীরা বলেন, দিলীপ কুমার মজুমদার সাধারণ মানুষের কাছ থেকে ভিজিএফ কার্ড দেয়ার কথা বলে দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা নিয়েছেন। শুধু তাই নয়, তিনি বিভিন্ন কার্ড ও সরকারি সুযোগ-সুবিধা দেয়ার কথা বলে টাকা নিয়েছেন। আমরা আমাদের টাকা ফেরত চাই এবং মেম্বারের উপযুক্ত বিচার চাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালেক মুহিত বলেন, ‘এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ হাতে পাইনি। দফতরে জমা হতে পারে।’



