লক্ষ্মীপুরের কমলনগরে ঈদুল ফিতরকে ঘিরে গত কয়েকদিন থেকে অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি করায় বাজারের সাত মাংস ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
রোববার (৩০ মার্চ) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা করে উপজেলা প্রশাসন
জানা যায়, উপজেলার হাজিরহাট বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গরু মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা আদায় করে উপজেলা প্রশাসন।
এসময় দোকানে মূল্য তালিকা না থাকায় বাজারের সাত ব্যবসায়ীকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাহাত উজ জামান।
মাংস ব্যবসায়ীদের মধ্যে জয়নাল আবেদিনকে ৫ হাজার, মো: জসিমকে ৩ হাজার, মো: বেলায়েত হোসেনকে ৩ হাজার, আমির হোসেনকে ১ হাজার, মো: ইবরাহিমকে ১ হাজার, মো: জহিরকে ২ হাজার ও মাইন উদ্দিনকে ২ হাজার টাকাসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাহাত উজ জামান বলেন, ‘নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়।’
তিনি বলেন, ‘এসময় নির্ধারিত মূল্যে থেকে বেশি দামে গরুর মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৭ ব্যবসায়ীর অর্থদন্ড করা হয় এবং নির্ধারিত মূল্যে মাংস বিক্রি করার নির্দেশ দেয়া হয়।’
এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ উপজেলা নির্বাহী কর্মকর্তা।



