চুয়াডাঙ্গায় পাঁচ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

‘পবিত্র মাহে রমজান উপলক্ষে হোটেল, পাইকারু ভোজ্য তেল ও মসলার দোকান তদারকি করা হয়েছে। এ সময় আইন মেনে মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়।

হুসাইন মালিক, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
ভোক্তা অধিদফতরের অভিযান
ভোক্তা অধিদফতরের অভিযান |নয়া দিগন্ত

উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন পণ্য, নষ্ট মিষ্টি ও নিষিদ্ধ কসমেটিকস বিক্রির অপরাধে চুয়াডাঙ্গায় পাঁচটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের বড় বাজার এলাকায় এ তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযান সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন দই এবং নোংরা ও নষ্ট মিষ্টি বিক্রির দায়ে কার্তিক চন্দ্র বসুর ‘বসু সুইটস’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নিষিদ্ধ কসমেটিকস বিক্রির দায়ে ৪৫ ধারায় টিনা দেবীর ‘পলক গিফট কর্ণার’কে ২৫ হাজার টাকা, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ‘মেসার্স সওদাগর গিফট গার্ডেন’কে ২৫ হাজার টাকা, দেলোয়ার হোসেনের ‘মা রোকেয়া ট্রেডার্স’কে ৫০ হাজার টাকা ও মাহফুজা খাতুনের ‘মামুন গিফট কর্ণার’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, ‘পবিত্র মাহে রমজান উপলক্ষে হোটেল, পাইকারু ভোজ্য তেল ও মসলার দোকান তদারকি করা হয়েছে। এ সময় আইন মেনে মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।