বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘উন্নয়নমূলক কাজে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না।’
সোমবার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়ায় গাজিখালী নদী সংলগ্ন চন্দ্রখালী খালের খনন কাজ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রায় সাত কিলোমিটার দীর্ঘ ওই খাল খনন প্রকল্পের উদ্বোধন শেষে তিনি বলেন, শহীদ জিয়ার দেখানো পথে কৃষকদের ভাগ্য উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। খাল খনন কাজে শ্রমিকের অভাব হলে দলীয় নেতা-কর্মীদের কোদাল হাতে মাঠে নামার আহ্বান জানান তিনি।
তিনি নারীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে স্নাতক (অনার্স) পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন। মাদককে সমাজের প্রধান শত্রু উল্লেখ করে তিনি প্রত্যেক ওয়ার্ডে বিএনপি, জামায়াত ও এনসিপির সমন্বয়ে সর্বদলীয় মাদক প্রতিরোধ কমিটি গঠনের পরামর্শ দেন।
বিমান মন্ত্রী বলেন, বিগত ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করে আমরা আইনের সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছি।
তিনি ছাত্র সমাজকে কেবল ঘরে বসে না থেকে সমাজসেবা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে সক্রিয় হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বক্তারা স্থানীয় কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে খাল খনন প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন ও সাধারণ সম্পাদক আবুল বাশার খানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।



