নাটোরের সিংড়ায় বজ্রপাতে মিলন উদ্দিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার চাঁনপুর মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক মিলন উদ্দিন উপজেলার কলম ইউনিয়নের নজরপুর গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।
জানা যায়, রোববার বিকেলে দিনমজুর মিলন উদ্দিনসহ বেশ কয়েকজন চলনবিলের চাঁনপুর মাঠে পাট কাটা ও জাগ দেয়ার কাজ করছিলেন। এ সময় ভারী বর্ষণ ও বজ্রপাত শুরু হলে সকলেই নিরাপদে আশ্রয় নেন। কিন্তু দিনমজুর মিলন উদ্দিন তার খাবার বাটি ও কাপড় নিতে গিয়ে বজ্রপাতে আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: জহুরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আসার আগেই ওই দিনমজুর মারা গেছেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।



