ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিয়ের মাত্র ২৪ দিনের মাথায় সপনা বেগম (২৫) নামে এক নববধূর গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ মার্চ) সকালে তার লাশ উদ্ধার করে নগরকান্দা থানা পুলিশ। এদিকে ঘটনার পর থেকেই নিহতের স্বামী খায়ের মাতুব্বর, শ্বশুর ও শাশুড়ি পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
নিহত সপনা বেগম সদরপুর উপজেলার কৃষ্ণপুর ঠেঙ্গামারি গ্রামের হান্নান মোল্লার মেয়ে।
জানা যায়, ২৪ দিন আগে পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার বাশাগাবি গ্রামের শওকত মাতুব্বরের ছেলে খায়ের মাতুব্বরের (২০) সাথে তার বিয়ে হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) রাতের কোনো এক সময় সপনা বেগমের মৃত্যু হয়। পরে শনিবার সকালে খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাঁশের আড়ার সাথে ঝুলন্ত গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন সার্কেল কর্মকর্তা মাহামুদুল হাসান, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ ও এসআই রবিউল ইসলাম। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
তবে স্থানীয় লোকজন জানান, লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।
নিহতের মা হালিমা বেগম বলেন, ‘গতকাল (শুক্রবার) রাতে আমার জামাইয়ের মোবাইলফোনে অনেকবার ফোন দিয়েছি কিন্তু ধরে নাই। পরে মোবাইলফোন বন্ধ করে রেখেছে। এরপর আজ (শনিবার) সকালে খবর পাই আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমার মেয়েকে ওরা মেরে ফেলেছে। আমি এর সুষ্ঠু তদন্ত করে কঠোর শাস্তির দাবি করছি।’
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।



