সরকার ও বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা আইভীর

‘আমি চাই সকলকে নিয়ে মানবিক সরকার গঠিত হোক’

কাশিমপুর কারাগার থেকে বুধবার (৩ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাসা নারায়ণগঞ্জ শহরের দেওভোগের চুনকা কুটিরে ফেরেন আইভী।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
কারামুক্ত হয়ে বাড়িতে ফেরার পর সেলিনা হায়াৎ আইভী
কারামুক্ত হয়ে বাড়িতে ফেরার পর সেলিনা হায়াৎ আইভী |নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে করা ১২টি মামলায় ৩৯১ দিন কারাভোগের পর মুক্তি পাওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী বিএনপি সরকারের প্রতি ও বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

কাশিমপুর কারাগার থেকে বুধবার (৩ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাসা নারায়ণগঞ্জ শহরের দেওভোগের চুনকা কুটিরে ফেরেন আইভী। পরে সাংবাদিকদের দেয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে এ কৃতজ্ঞতা জানান তিনি।

সংক্ষিপ্ত বক্তব্যে সরকারের প্রতি ধন্যবাদ জানিয়ে আইভী বলেন, ‘বর্তমান সরকার বলেছেন, তারা মানবিক সরকার গঠন করবেন। মানবিক হবেন। আমি চাই সকলকে নিয়ে মানবিক সরকার গঠিত হোক। জেলে আমার মতো আরো অনেক মায়েরা আছেন, তারা নিরপরাধ। আশা করি, সরকার তাদের প্রতিও সদয় হবেন।’

এর আগে রাত ১০টা ১০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বেরিয়ে আসেন আইভী। সেখান থেকে গাড়িতে সরাসরি চলে যান নারায়ণগঞ্জ নগরীর মাসদাইরে কেন্দ্রীয় সিটি কবরস্থানে। সেখানে আইভী তার বাবা, মা ও ছোটভাইয়ের কবর জিয়ারত করেন।

সাড়ে ১২টার দিকে বাড়িতে ঢুকলে তার আত্মীয়-স্বজনরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। তবে কোনোপ্রকার মিছিল কিংবা কোনো স্লোগান দেয়ার ঘটনা ঘটেনি। প্রশাসনের পক্ষ থেকে সতর্ক অবস্থান ছিল চোখে পড়ার মতো।