রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে গরীব, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র আওতায় ৭ হাজার ৮৯৮ জন হত-দরিদ্র দুস্থ পরিবারকে বিনামূল্যে ৭৮.৯৮০ মেট্রিন টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। জনপ্রতি হত-দরিদ্ররা ১০ কেজি করে চাল পাবেন ঈদের আগেই।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার গরিব-দুস্থ পরিবারগুলো এই সহায়তার আওতায় আসবে। প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হবে এবং ঈদের আগেই এসব চাল বিতরণ সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারাদেশের মতো দুর্গাপুর উপজেলাতেও এই খাদ্য সহায়তা বরাদ্দ দেয়া হয়েছে। প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির মাধ্যমে হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়ে থাকে, যাতে তারা ঈদের সময় খাদ্য সংকটে না পড়ে।
দুর্গাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহম্মেদ জানান, ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৭ হাজার ৮৯৮টি হতদরিদ্র পরিবারের জন্য ৭৮.৯৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মাধ্যমে ঈদের আগেই এসব চাল বিতরণ করা হবে।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কমিটির সভাপতি মাশতুরা আমিনা বলেন, উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্য না থাকায় আগে যেভাবে তালিকা তৈরি করা হতো তা এখন সম্ভব হচ্ছে না। এজন্য সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহায়তায় প্রকৃত হতদরিদ্রদের তালিকা তৈরি করা হচ্ছে। তালিকায় যাতে প্রকৃত দরিদ্র মানুষই অন্তর্ভুক্ত হয় সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জুবায়েদ হোসেন বলেন, সরকারের এ উদ্যোগকে সফল করতে বিএনপির নেতাকর্মীরাও সহযোগিতা করছেন। প্রকৃত দুস্থ ও অসহায় মানুষ যেন তালিকায় অন্তর্ভুক্ত হয় সে বিষয়টি নিশ্চিত করার জন্য সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে।
ভিজিএফ কার্ডের আওতায় বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে খাদ্য সংকটে থাকা মানুষ, দিনমজুর, গৃহহীন ও অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিরা অগ্রাধিকার ভিত্তিতে এই সহায়তা পাবেন ।



