সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে বজ্রপাতে রিয়াদ (১১) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াদ বৈকুণ্ঠপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সে স্থানীয় বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরছিল রিয়াদ। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টির মধ্যেই আকস্মিক বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে।



