সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদ আকস্মিক পরিদর্শন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী।
বুধবার (১১ মার্চ) সকাল ৯টার দিকে প্রটোকল ছাড়াই সরকারি গাড়ির পতাকা ঢেকে নীরবে সিংগাইর উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিমন্ত্রী প্রথমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুন্নাহারের কার্যালয়ে প্রবেশ করে তার সাথে কুশল বিনিময় করেন। পরে নিজের পরিচয় দিয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিত হওয়ার নির্দেশ দেন।
এ বিষয়ে ইউএনও খায়রুন্নাহার বলেন, ‘আমি অফিসে আসার প্রায় পাঁচ মিনিট পর ঠিক সকাল ৯টার দিকে মাননীয় প্রতিমন্ত্রী আমার অফিসে আসেন। পরে তিনি প্রায় এক ঘণ্টা উপজেলা চত্বরে অবস্থান করেন এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে তাৎক্ষণিক মতবিনিময় করেন।’
তিনি আরো জানান, অধিকাংশ কর্মকর্তাই ওই সময় উপস্থিত ছিলেন। যারা অনুপস্থিত তারা পূর্ব অনুমোদিত ছুটিতে ছিলেন বলেও দাবি করেন তিনি।
উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের যথাসময়ে অফিসে উপস্থিতি দেখে প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়মিত কর্মস্থলে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের কথা বলেন। পাশাপাশি সেবা মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দিতে আন্তরিকতার মানসিকতা নিয়ে কাজ করার বার্তা দেন। এ ছাড়া জনকল্যাণমূলক কাজ, মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দিক নির্দেশনাও দেন তিনি।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী উপজেলা চত্বর ত্যাগ করার সময় সরকারি গাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং পুলিশি নিরাপত্তার মাধ্যমে তাকে বিদায় জানানো হয়।
প্রতিমন্ত্রীর এ আকস্মিক সফর উপজেলা প্রশাসনের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



