পাংশায় প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পেল ১২০১ পরিবার

‘পাইলট প্রকল্পের আওতায় পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ঝিকড়ি গ্রামের পরিবারগুলো এ সুবিধা পাবে। কর্মসূচিতে ভূমিহীন, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ০.৫ একরের কম জমির মালিক পরিবারকে অগ্রাধিকার দেয়া হয়েছে।’

রাজবাড়ী প্রতিনিধি

Location :

Rajbari
পাংশায় ফ্যামিলি কার্ড প্রদানের মুহূর্ত
পাংশায় ফ্যামিলি কার্ড প্রদানের মুহূর্ত |ছবি : নয়া দিগন্ত

রাজবাড়ীর পাংশা উপজেলায় পাইলট প্রকল্পের আওতায় প্রথম ধাপে এক হাজার ২০১টি পরিবার ‘ফ্যামিলি কার্ড’র মাধ্যমে অর্থ সহায়তা পাচ্ছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় পাংশা উপজেলা পরিষদে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো: হারুন অর রশিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

প্রশাসন সূত্রে জানা যায়, পাইলট প্রকল্পের আওতায় পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ঝিকড়ি গ্রামের পরিবারগুলো এ সুবিধা পাবে। কর্মসূচিতে ভূমিহীন, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ০.৫ একরের কম জমির মালিক পরিবারকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল হক জানান, চর ঝিকড়ি গ্রামের এক হাজার ৮২৬টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। অনলাইনে যাচাই শেষে এক হাজার ৪০৪টি পরিবার নিশ্চিত হয়েছে।

এর মধ্যে প্রথম ধাপে ঈদের আগে এক হাজার ২০১টি পরিবার অর্থ সহায়তা পাবে। বাকি ২০৩টি পরিবার কারিগরি জটিলতার কারণে আপাতত অপেক্ষায় রয়েছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রতি পরিবার মাসে দুই হাজার ৫০০ টাকা বা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবে।

নারীদের মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রদান করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।