কলমাকান্দায় বৃদ্ধ দিনমজুরকে পিটিয়ে হত্যা

নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দায় ধানকাটার পাওনা মজুরি চাইতে গেলে সৃষ্ট বিরোধের জেরে বাবুল মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ দিনমজুরকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

ফজলুল হক রোমান, নেত্রকোনা
প্রতীকী ছবি

নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দায় ধানকাটার পাওনা মজুরি চাইতে গেলে সৃষ্ট বিরোধের জেরে বাবুল মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ দিনমজুরকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার (১৭ মে) সকালে উপজেলার খারনৈ ইউনিয়নের বরদল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাবুল মিয়া বরদল পূর্বপাড়া গ্রামের মরহুম সোনাহর মিয়ার ছেলে। তিনি ধানকাটার শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানায়, ঘটনার প্রায় ২৫ থেকে ২৬ দিন আগে থেকে বাবুল মিয়ার ছেলে সিরাজুল উপজেলার বরদল পূর্বপাড়া গ্রামের হাবিবুর রহমানের ধানকাটার কাজ করে আসছিলেন। কিন্তু সময়মতো টাকা পরিশোধ না করায় কমপক্ষে ১৪ থেকে ১৫ হাজার টাকা পাওনা রয়ে যায়।

রোববার সকাল ৯টার দিকে সিরাজুল জমিতে ধানকাটার সময় হাবিবুর রহমানের সাথে দেখা হলে পাওনা টাকার জন্য তাগাদা দিলে এতে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে হাবিবুর ও তার লোকজন সিরাজুলের ওপর চড়াও হয়ে মারপিট শুরু করেন। ছেলেকে মারতে দেখে পাশের জমি থেকে বাবুল মিয়া এগিয়ে এলে তাকেও বেধড়ক পেটাতে শুরু করেন। একপর্যায়ে বাবুল মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বলেন, ‘লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’