সোনারগাঁওয়ে অটোরিকশাচালকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে আমার বিশ্বাস। এর সাথে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন জড়িত। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রশাসনের কাছে আমার আবেদন, প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের দ্রুত গ্রেফতার করা হোক।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Sonargaon
অটোরিকশাচালকের মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন
অটোরিকশাচালকের মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আবু জুম্মান সজিব নামে এক অটোরিকশাচালকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে, পরিবারের সদস্যদের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে অটোরিকশাচালকের স্ত্রী, শ্বশুর ও শ্বশুরবাড়ির অন্য সদস্যদের বিরুদ্ধে হত্যার অভিযোগ তোলেন নিহতের স্বজনরা।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাশিপুর এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) নিহত অটোরিকশাচালকের মা সেলিনা বেগম সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দেন।

অভিযোগে তিনি দাবি করেন, পারিবারিক কলহের জেরে তার ছেলে আবু জুম্মান সজিবকে নির্যাতন করে হত্যার পর লাশ ঘরে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করা হয়। আবু জুম্মান সজিব প্রেমের সম্পর্কের পর আফসানাকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। স্ত্রী আফসানা, তার বাবা নুর হোসেন ও পরিবারের অন্য সদস্যরা বিভিন্ন সময় আবু জুম্মান সজিবকে হুমকি দিতেন বলেও অভিযোগ করেছেন নিহতের মা।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত অটোচালকের চাচা নজরুল ইসলাম, মা সেলিনা বেগম, এলাকাবাসী মো: শুভ আহমেদ, লিপি আকতার, মো: নাছির উদ্দিন।

মানববন্ধনে অংশ নেয়া স্বজনরা অভিযোগ করেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা বিভিন্ন স্লোগান দিয়ে হত্যাকারীদের বিচারের দাবি জানান।

মানববন্ধনে নিহতের চাচা নজরুল ইসলাম বলেন, আমার ভাতিজাকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা মামলা করতে চাই, কিন্তু এখন পর্যন্ত শুধু একটি সাধারণ ডায়েরি (জিডি) নেয়া হয়েছে। আমরা চাই, আমাদের অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হোক।

নিহতের মা সেলিনা বেগম বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে আমার বিশ্বাস। এর সাথে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন জড়িত। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রশাসনের কাছে আমার আবেদন, প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের দ্রুত গ্রেফতার করা হোক। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।

তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তারা ঘটনার পর পরই এলাকা ছেড়ে পালিয়ে যান।

মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কাঁচপুর ইউনিয়নের কাশিপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাশিপুর এলাকায় লিটন মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে আবু জুম্মান সজিবের লাশ উদ্ধার করে পুলিশ। তবে পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।