ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে রফিকুল সরকার (৫০) ও নুর আলম (৩৫) নামে দুই মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগান মাঠ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল সরকার ওই গ্রামের মরহুম জমশেদ সরকারের ছেলে এবং নুর আলম একই গ্রামের মরহুম আবু সামার ছেলে।
বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রফিকুল সরকার দুপুরে বাগান মাঠ এলাকায় নিজের ধানের জমিতে কীটনাশক ছিটাতে যাচ্ছিলেন। মাঠের মধ্যে একটি মোটরের বিদ্যুতের তার নিচু হয়ে ঝুলে ছিল। অসাবধানতাবশত সেই তার রফিকুলের শরীরে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পাশের জমিতে কাজ করা তার ভাগ্নে নুর আলম ঘটনাটি দেখে দৌড়ে এসে মামাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হলে দু’জন ঘটনাস্থলেই মারা যান।’
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান দুই কৃষক নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, মাঠে কাজ করার সময় অসাবধানতাবশত মোটরের লিকেজ বিদ্যুতের তারে স্পর্শ করায় মামা-ভাগ্নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


