নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার সরকারি প্রক্রিয়াকে ঘিরে অচলাবস্থা বিরাজ করছে চট্টগ্রাম বন্দরে। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নামে শ্রমিক দলের ডাকা কর্মবিরতিতে বন্দরের অপারেশনাল কার্যক্রমে কার্যত অচলাবস্থার সৃষ্টি হয়।
সকাল ৮টা থেকে বন্দরের জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য লোডিং-আনলোডিং কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হয়। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আন্দোলনে নেতৃত্বদানকারী চার কর্মচারীকে পানগাঁও আইসিটিতে বদলি করেছে।
গত ২৯ জানুয়ারি উচ্চ আদালতে এ সংক্রান্ত রিট খারিজ হওয়ায় সরকার ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেয়ার পথ খুলে। একই দিন এনসিটি ইজারা দেয়ার প্রক্রিয়ার প্রতিবাদে কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করে বিএনপির শ্রমিক সংগঠন। আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৮টা পর্যন্ত অপারেশনাল কর্মবিরতির ডাক দেয়া হলে সকাল থেকেই বন্দরের কর্মচারী ও বন্দরে নিয়োজিত বেসরকারি শ্রমিকরা কাজে যোগ না দেয়ায় অচলাবস্থা তৈরি হয়েছে। একইভাবে আগামীকাল রোববারও আট ঘণ্টা প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার কর্মসূচি দেয়া হয়।
বন্দর সূত্র জানিয়েছে, সকালে কর্মসূচি শুরু হওয়ার পর বন্দরের তিনটি টার্মিনাল জিসিবি, সিসিটি ও এনসিটির অপারেশনাল কার্যক্রম ব্যাহত হয়। এর মধ্যে জিসিবি ও সিসিটিতে কার্যত অপারেশনাল কাজ বন্ধ ছিল। এনসিটিতে বেসরকারি ডিপো থেকে আনা রফতানি পণ্যবাহী কনটেইনার জাহাজে লোডিংয়ের কার্যক্রম চলছে।
চারজনকে বদলি
এদিকে, বন্দরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনিক অ্যাকশন শুরু হয়েছে। এরই অংশ হিসেবে শনিবারই চারজনকে ঢাকার পানগাঁও আইসিটিতে বদলি করা হয়েছে। তারা হলেন- অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিদর্শন বিভাগের অডিট সহকারী মো: হুমায়ুন কবির, নৌ-বিভাগের ইঞ্জিন ড্রাইভার (১ম শ্রেণি) মো: ইব্রাহীম খোকন, অর্থ ও হিসাব বিভাগের উচ্চ হিসাব সহকারী (ব্যয় মূলধন শাখা) মো: আনোয়ারুল আজিম ও প্রকৌশল বিভাগের এস এস খালাসী মো: ফরিদুর রহমান। শনিবার বিকেলেই তাদের চট্টগ্রাম বন্দর থেকে অবমুক্ত করা হয় এবং রোববারই পদায়নকৃত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। এদের মধ্যে শ্রমিক দল নেতা হুমায়ুন কবির ও ইব্রাহীম খোকন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে ডাকা আন্দোলনের সমন্বয়ক হিসেবে কাজ করছেন।



