টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটাঙ্গরে ট্রেনের নিচে কাটা পড়ে নিহত মা-ছেলেসহ পাঁচজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৮মার্চ) ভোররাত ৪ টা নাগাদ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়। এ সময় নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে রেলওয়ে কর্তৃপক্ষ।
নিহতরা হলেন— গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার পুরাব নিজপাগা গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী নার্গিস (৩৫), তার ছেলে নিরব (১২) ও নার্গিসের বড় ছেলের শাশুড়ি দোলা (৩৫) এবং একই এলাকার রাইজেল মিয়ার ছেলে সুলতান (৩৩) ও আব্দুর রশিদের মেয়ে রিফা আক্তার (২৩)। তারা ঈদের ছুটি শেষে গাইবান্ধা থেকে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন। বাসের যাত্রীরা বেশির ভাগই পোশাক কারখানার কর্মী ছিলেন।
টাঙ্গাইল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, শুক্রবার রাতে কালিহাতী উপজেলার ধলাটাঙ্গর এলাকায় গাইবান্ধা থেকে আসা ঢাকাগামী একটি বাসের তেল শেষ হয়ে গেলে সেখানে বাস রেখে চালক ও হেলপার তেলের জন্য এলেঙ্গাতে যান। তখন কয়েকজন যাত্রী বাস থেকে নেমে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের পাশেই রেল লাইনে বসেছিলেন। কেউ কেউ রেললাইনের ওপর হাঁটাহাটি করছিলেন আবার কেউ মোবাইল ফোনে কথা বলছিলেন। রাত সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের।
এ ঘটনায় আইরি প্রক্রিয়া শেষে শনিবার ভোরে পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়। এছাড়া নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার করে টাকা সহায়তা দেয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানান।



