ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদীতে মৎস্য রক্ষা অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় একটি স্পিডবোট উল্টে এক পুলিশ কনস্টেবল নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। আহতদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গল শিকদার লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ পুলিশ কনস্টেবলের নাম মো. ফখরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রী নিয়ে ঢাকা থেকে চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাটগামী এমভি কর্ণফুলী-১২ লঞ্চটি সন্ধ্যা ৭টার দিকে মঙ্গল শিকদার লঞ্চঘাটে পৌঁছায়। একই সময়ে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস মাছ ধরার নিষেধাজ্ঞা তদারকির জন্য উপজেলা মৎস্য বিভাগের তিন সদস্য ও তিন পুলিশ কনস্টেবল একটি স্পিডবোটে করে অভিযানে রওনা হচ্ছিলেন। লঞ্চটি ঘাটে ভেড়ানোর সময় এর পেছনের প্রপেলারের ধাক্কায় স্পিডবোটটি উল্টে যায়।
এতে পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও কনস্টেবল ফখরুল ইসলাম নিখোঁজ হন। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৪টা পর্যন্ত তিনি নিখোঁজ রয়েছেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, নিখোঁজ ফখরুল ইসলাম মঙ্গল শিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল। দুর্ঘটনার পর কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
নিখোঁজ কনস্টেবল ফখরুল ইসলামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়।



