খাগড়াছড়িতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মূল সড়কে উঠতেই চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় কুবেন জয় ত্রিপুরাকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রফিকুল ইসলাম রকি, খাগড়াছড়ি

Location :

Khagrachari
দুর্ঘটনাস্থল
দুর্ঘটনাস্থল |নয়া দিগন্ত

খাগড়াছড়িতে বাস চাপায় কুবেন জয় ত্রিপুরা (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় হনেসা ত্রিপুরা (১৯) নামে অপর এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে জেলার গুইমারা উপজেলার বাইল্ল্যাছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুবেন জয় উপ‌জেলার পঙ্খীমুড়া এলাকার কার্বারী কৃপাচার্য ত্রিপুরার ছেলে। আহত হনেসা ত্রিপুরা খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের সুরেন্দ্র মাস্টার পাড়ার মনোহরি ত্রিপুরার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারা দু’জন মোটরসাইকেলে করে বাইল্ল্যাছড়ি থেকে পাশের গ্রামে যাচ্ছিলেন। ওই এলাকার গ্রামীণ সড়ক থেকে মূল সড়কে উঠতেই চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় কুবেন জয় ত্রিপুরাকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত হনেসা ত্রিপুরাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোহরাওয়ার্দী জানান, বাসচালক ও হেলপার পলাতক রয়েছেন। বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।