ব্যারিস্টার রুমিন ফারহানা

সরকারি দলের নেতারা মনে করেন, তারা নিজ এলাকার প্রাইম মিনিস্টার

‘সরাইল ও আশুগঞ্জ উপজেলা সদরকে পৌরসভায় উন্নীত করা হবে। এর মধ্যে আশুগঞ্জকে দ্রুত আর সরাইলকে এক থেকে দুই বছরের মধ্যে পৌরসভায় উন্নীত করা হবে। এর জন্য যা করণীয়, তার সবকিছু করা হয়েছে।’

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

Location :

Sarail
বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করছেন ব্যারিস্টার রুমিন ফারহানা
বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করছেন ব্যারিস্টার রুমিন ফারহানা |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘আমাদের রাজনীতির যে সংস্কৃতি, তাতে সরকারি দলের একটা চাপ থাকে। দলের নেতারা মনে করেন, তারা যার যার এলাকার প্রাইম মিনিস্টার।’

তিনি বলেন, ‘ইউনিয়নের একজন কর্মীও মনে করেন, তার দল এখন ক্ষমতায়, তিনি তার এলাকার প্রাইম মিনিস্টার। এই চাপটা প্রশাসনের ওপর সব সময় থাকে। এটা আমি খুব ভালোভাবেই বুঝি। তবে আমি আমার তরফ থেকে চেষ্টা করব, আপনাদের কাজটা যতটা সম্ভব সহজ করা যায়।’

শনিবার (৯ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কর্মকর্তাদের উদ্দেশে রুমিন ফারহানা বলেন, ‘আমি জানি, একজন স্বতন্ত্র সংসদ সদস্যের সাথে কাজ করায় প্রতিকূলতা থাকে। আমার সাথে আপনাদের কাজ করাও কিছুটা প্রতিকূল। আমি যতদূর সম্ভব সবার সাথে সমন্বয় করে কাজ করার চেষ্টা করব।’

তিনি বলেন, ‘সরাইল ও আশুগঞ্জ উপজেলা সদরকে পৌরসভায় উন্নীত করা হবে। এর মধ্যে আশুগঞ্জকে দ্রুত আর সরাইলকে এক থেকে দুই বছরের মধ্যে পৌরসভায় উন্নীত করা হবে। এর জন্য যা করণীয়, তার সবকিছু করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমার একটাই লক্ষ্য, মানুষ যে ভালোবাসা ও বিশ্বাস রেখে আমাকে ভোট দিয়েছে, যতদূর সম্ভব আগামী পাঁচ বছর সেবা দিয়ে আমি যেন মানুষের বিশ্বাসের মর্যাদা দিতে পারি।’

সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় এলাকাবাসীর উদ্দেশে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘সবাইকে বলব, সরাইলটা কিন্তু আমাদের সবার। আমার কাজে যদি কেউ বাধা সৃষ্টি করতে চান বা কোনো মহল যদি মনে করে এমপিকে কাজ করতে দিবে না, তাহলে আপনার এলাকা, যেখানে আপনি সন্তান নিয়ে বসবাস করেন, পাঁচ বছরের জন্য কিন্তু সরাইল পিছিয়ে যাবে।’

তিনি বলেন, ‘আমি শুধু সরকারি কর্মকর্তাদের কাছে বলছি না, আমি সরাইলবাসীর কাছেও বলছি। সবাই মিলে যদি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারি এবং সবাই মিলে যদি কাজ করতে পারি, আমি বিশ্বাস করি, এই উপজেলাকে আশপাশের উপজেলার চেয়ে আরো উন্নত করা, আরো সমৃদ্ধ উপজেলা করে মডেল উপজেলা করা সম্ভব। এটা আমার নির্বাচনী অঙ্গীকার, আর সেটা খুব বেশি কঠিন হবে না।’