আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’র আওতায় বরগুনার দুটি আসন ও ছয়টি উপজেলাসহ দেশের উপকূলীয় অঞ্চলের ২৫টি উপজেলার ১৬টি সংসদীয় আসনে দায়িত্ব পালন করছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এসব কার্যক্রম পরিদর্শনে বরগুনায় এসেছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
পরিদর্শনকালে নৌবাহিনী প্রধান নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। প্রথমে বেলা পৌনে ১২টার দিকে নৌবাহিনী প্রধানকে বহনকারী হেলিকপ্টার বরগুনা সার্কিট হাউজ মাঠে অবতরণ করে। এরপর বরগুনা পুলিশ লাইন সংলগ্ন নৌবাহিনীর অস্থায়ী ক্যাম্পে নৌ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
এরপর বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
এ মতবিনিময় সভায় বরিশালের বিভাগীয় কমিশনার, বরিশাল রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিজিএফআই, এনএসআই, র্যাব, কোস্ট গার্ড, আনসার এবং নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারাসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিমান বাহিনী প্রধান ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন কারার নির্দেশনা দেন।
এছাড়াও, পরিদর্শনকালে তিনি নৌবাহিনী কন্টিনজেন্টের সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।



